২৫ সেপ্টেম্বর ২০২৫;
দুর্যোগকালীন ব্যবসায়-বাণিজ্য সচল রাখা, প্রাণহানী এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কক্সবাজারে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি এবং পুরাতনদের জন্য দুইদিন ব্যাপী সতেজকরণ প্রশিক্ষণের আজ ছিল সমাপনী দিন। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) সেইফটি সেল এ প্রশিক্ষণ আয়োজন করে।
গ্রীন ন্যাচার রিসোর্ট এন্ড স্যুইটের হলরুমে আয়োজিত "Disaster Preparedness, Business Continuity, and Multi-Hazard Management" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবু নাঈম মোঃ শাহীদউল্লাহ।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবু নাঈম মোঃ শাহীদউল্লাহ তাঁর বক্তব্যে বলেন, "দুর্যোগের সময় ব্যবসায়-বাণিজ্য সচল রাখা এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকার নয়, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা যেসব জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, তা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয় এবং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা যায়। এ ধরনের উদ্যোগের ফলে কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নয়, পুরো সমাজও উপকৃত হবে।"
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে "বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ" (বিপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি -এর সভাপতি জনাব আবু মুর্শেদ চৌধুরী।
উক্ত প্রশিক্ষণসমূহে স্থানীয় ব্যবসায়ী এবং তাঁদের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেস্পন্স টিমের সদস্যগণ অংশ গ্রহন করেন।
এ সময় এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অরডিনেটর মোঃ মঞ্জুর কাদের খান বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ (বিপিপি) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রকল্পে আর্থিক সহায়তার জন্য গেটস ফাউন্ডেশনকে এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলাকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিপিসি এর প্রতিনিধি জনাব সুবিমল বড়ুয়া,
সিবিসিসিআই সেইফটি সেলের সদস্য জনাব মুকিম খান এবং এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট জনাব মোঃ সাখাওয়াত হোসেন, ওয়েব ডেভলপার এবং আইটি অফিসার ইঞ্জিনিয়ার মো: নাইমুল ইসলাম।