মোংলা, ৩ নভেম্বর ২০২৫:

শিল্প কারখানার উৎপাদন ধারাবাহিক রাখা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মোংলা ইপিজেডে শুরু হয়েছে “Disaster Preparedness, Business Continuity, and Multi-Hazard Management” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। এফবিসিসিআই সেইফটি কাউন্সিল এবং মোংলা ইপিজেডের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মোংলা ইপিজেডের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণটির উদ্বোধন করেন মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক জনাব কালাম মোঃ আবুল বাশার। তিনি বলেন,
“দুর্যোগের পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিল্পকারখানার ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা অব্যাহত রেখে টেকসই শিল্প ব্যবস্থা গড়ে তোলা যায়।” তিনি এফবিসিসিআই’র এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্য প্রদান করেন মোংলা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব ওয়াহেদুজ্জামান। তিনি বলেন,
“কারখানা পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের ঝুঁকি ব্যবস্থাপনা জ্ঞান ও দক্ষতা আরও উন্নত করবে।”

এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মোঃ মঞ্জুর কাদের খান প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও এফবিসিসিআই’র চলমান উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন,
“ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ (বিপিপি)’ প্রকল্পের আওতায় এফবিসিসিআই দেশজুড়ে শিল্প-বাণিজ্য খাতের দুর্যোগ প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি প্রকল্পে অর্থায়নের জন্য গেটস ফাউন্ডেশন এবং কারিগরি সহায়তার জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি)-কে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলা ইপিজেডের পরিচালক (প্রশাসন) জনাব মোঃ কাউসার হোসেন, ইপিজেড জোন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ।