কুড়িগ্রাম, ২২ অক্টোবর ২০২৫;
দুর্যোগকালীন ব্যবসায়-বাণিজ্য সচল রাখা, প্রাণহানী এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কুড়িগ্রামে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি এবং পুরাতনদের জন্য দুইদিন ব্যাপী সতেজকরণ প্রশিক্ষণের আজ ছিল সমাপনী দিন। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সেইফটি সেল এ প্রশিক্ষণ আয়োজন করে।

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কুড়িগ্রামে আয়োজিত "Disaster Preparedness, Business Continuity, and Multi-Hazard Management" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের এডিসি (জেনারেল) জনাব বিএম কুদরত-এ খুদা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“সরকার এখন শুধু দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রম নয়, বরং দুর্যোগের আগে থেকেই প্রস্তুতি গ্রহণে গুরুত্ব দিচ্ছে। বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই প্রস্তুতি সফল হবে না। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় ব্যবসায়ীদের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি প্রশিক্ষণ আয়োজনের জন্য এফবিসিসিআই এবং কুড়িগ্রাম চেম্বারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া জেলা প্রশাসনের কার্যক্রমে প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেস্পন্স টিমের সদস্যগণকে যুক্ত রাখার আশ্বাস প্রদান করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে "বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ" (বিপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি -এর সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ।

এ সময় এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অরডিনেটর মোঃ মঞ্জুর কাদের খান বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ (বিপিপি) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রকল্পে আর্থিক সহায়তার জন্য গেটস ফাউন্ডেশনকে এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলাকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত প্রশিক্ষণসমূহে স্থানীয় ব্যবসায়ী এবং তাঁদের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেস্পন্স টিমের সদস্যগণ অংশ গ্রহন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চেম্বারের পরিচালকবৃন্দ, উলিপুর বণিক সমিতির সভাপতি জনাব ইকাবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ (ভার প্রাপ্ত) জনাব মো: রাশেদুল ইসলাম, কেসিসিআই সেইফটি সেলের সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম ভোলা, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট জনাব মোঃ সাখাওয়াত হোসেন, এবং ওয়েব ডেভলপার এবং ইনফরমেশন টেকনোলজি অফিসার ইঞ্জিনিয়ার মোঃ নাইমুল ইসলাম।